সিলেটটুডে ডেস্ক | ২৩ জুলাই, ২০১৮
‘সিলেট সিটির মালিক এ নগরের জনগণ। তাদেরকে শাসক হয়ে লাঠি দিয়ে নয়, ভালবাসা আর সেবার মাধ্যমে খুশি রাখতে হয়। অতীতে একজন মেয়র এ নগরের জনগণের বিরুদ্ধে লাঠির প্রয়োগ হয়েছে। ৩০ জুলাই জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে সেই লাঠিয়ালকে প্রত্যাখ্যান করবেন। আর এর মাধ্যমে প্রমাণ হবে শাসকের লাঠির শক্তির চেয়ে জনগণের শক্তি অনেক বেশি।’
রবিবার রাতে সিলেট নগরীর সোবহানীঘাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, আমাদের প্রিয় দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটের উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু বিগত পাঁচ বছর সিলেট নগরীর জন্য বরাদ্দ করা অর্থের সদ্ব্যবহার করা হয়নি। লোক দেখানো কিছু কাজ করে বড় অংকের অর্থ লুটপাট করা হয়েছে।
১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকসুদ বকস এর সভাপতিত্বে এবং আব্দুল জলিল লেবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, অ্যাডভোকেট মফুর আলী, গোলাপগঞ্জের সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমেদ পাপলু, অ্যাডভোকেট কিশোর কুমার কর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজমুল আলম রুমেন, সুয়েল আহমদ সায়েল, যুবলীগের মহানগর যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার প্রমুখ।
নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, মেয়র থাকাকালে নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছিলাম। নির্বাচিত হলে সেই মাস্টারপ্ল্যান অনুযায়ী পুরো নগরীকে এবার সাজাবো।