জৈন্তাপুর প্রতিনিধি | ২৩ জুলাই, ২০১৮
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া থেকে মো. আবু বক্কর (৩২) নামের এক কয়লা শ্রমিকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ জুলাই) তাঁর লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতের উখিয়াং থানার কেলেরিয়া কয়লা খনিতে দালালদের মাধ্যমে প্রবেশ করে দীর্ঘদিন ধরে কয়লা শ্রমিকের কাজ করে আসছিল বক্কর। ২২ জুলাই হঠাৎ করে খনি ধ্বসে তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সঙ্গীয় শ্রমিকরা বাংলাদেশ সীমান্তের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকার ১৩০৩ নং আন্তর্জাতিক পিলারের ৪শত গজ ভিতরে লাশ রেখে স্বজনদের কাছে খবর দেন।
খবর পেয়ে স্বজনরা জৈন্তাপুর মডেল থানা এবং লালাখাল বিজিবি সহায়তায় সীমান্ত থেকে লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে।
নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রঘাপ্রতাপুর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. আবু বক্কর (৩২)। তাঁর স্ত্রী, ৫ ও ৭ বছরের দুই মেয়ে রয়েছে।
৪১ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডার নায়কে সুবেদার খলিল জানান নিহতের স্বজনরা বিষয়টি আমাদের অবহিত করলে আমরা জৈন্তাপুর থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিত্যক্ত অবস্থায় লাশটি পাই। পরে তা উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দেই।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মাইনুল জাকির বলেন, নিহতের স্বজনদের সংবাদের ভিত্তিতে ৪১ বিজিবির সহায়তায় সীমান্ত থেকে নিহত আবু বক্করের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করবে।