Sylhet Today 24 PRINT

নৌকার বিজয় নিশ্চিত করাই শেখ হাসিনার জন্য বড় উপহার: ওমর ফারুক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৮

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন। তিনি দলের নেতাকর্মীদেরও মূল্যায়ন করে যাচ্ছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও বিচক্ষণ নেতৃত্বে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। বিনিময়ে আমরা তাকে কি দিতে পারি? আমরা তাকে নৌকার বিজয় উপহার দিতে পারি। সারাদেশের সব নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করাটাই হবে শেখ হাসিনার জন্য বড় সংবর্ধনা, বড় উপহার।

সোমবার (২৩ জুলাই) দুপুরে সিলেট নগরীর দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট কেন্দ্র কমিটিকে নিয়ে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

৩০ জুলাইয়ের সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রসঙ্গে বলেন, বদর উদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের একজন ত্যাগী জনপ্রিয় ও দলের পরিক্ষিত প্রবীণ নেতা। প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক দিয়েছেন। যুবলীগের প্রতিটি নেতাকর্মী কামরানের বিজয় নিশ্চিতে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে কাজ করে দেখিয়ে দিবেন, সিলেটের যুবলীগ কত শক্তিশালী।

তিনি বলেন, সিলেটে নৌকা মার্কার জয় নিশ্চিত করতে যুবলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ, নৌকা আওয়ামী লীগের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি মিথ্যাচারে বিশ্ব চ্যাম্পিয়ন। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে। শয়তান যেমন মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি নেতাকর্মীরাও একইভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করে। এদের কবল থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ।

কর্মীসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম অ্যাডভোকেট বেলাল হোসেন, সদস্য ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, শাজাহান ভূঁইয়া মাখন, আনিসুর রহমান, সুব্রত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনসহ সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচার কার্যক্রম চালানোর জন্য গঠিত ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.