নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই, ২০১৮
সিলেটে লাইসেন্স ছাড়া মৎস্যখাদ্য বিক্রির অপরাধে একটি পোলট্রি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ জুলাই) বিমান বন্দর এলাকার নূর মোহাম্মদ বহুমুখী ফিড এন্ড পোলট্রি প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স।
তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্স ব্যতীত মৎস্যখাদ্য বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে মৎস্য আইন বাস্তবায়নে সিলেট নগরীর আম্বরখানা এলাকার মৎস্য বাজারে ফরমালিন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে এসময় কোন বিক্রেতার মাছে ফরমালিনের উপস্থিতি না পেলেও মৎস্য বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য রক্ষার্থে এই আইনে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে চলা এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দ্বিজরাজ বর্মণ এবং সার্বিক সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।