সিলেটটুডে ডেস্ক | ২৪ জুলাই, ২০১৮
কোনো ষড়যন্ত্র করে জনগণের হৃদয় থেকে আমাকে দূরে ঠেলে দিতে পারবেন না বলে হুশিয়ার করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য ধানের শীষের সমর্থকদের বাসা-বাড়িতে গিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। রাজনীতির সাথে জড়িত নয়, এমন মানুষদেরকে হয়রানি ও গ্রেপ্তার করায় নিন্দা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আমার ওপর অবিচার করা হয়েছে। মেয়রের দায়িত্বকালের তিনটি বছর আমাকে কারাগারে কাটাতে হয়েছে। দুই বছরে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করেছি নগরবাসীর সেবা করার জন্য।
মঙ্গলবার (২৪ জুলাই) নগরীর কুমারপাড়া, মিরবক্সটুলা, চারাদিঘীরপার, সওদাগরটুলা, বারুতখানা, ধোপাদিঘীরপাড়, হাওয়াপাড়া এবং জেলরোডে গণসংযোগকালে তিনি প্রশাসনকে সতর্ক করে কথাগুলো বলেন।
পাঁচ বছর দায়িত্ব পালন না করতে পারার আক্ষেপ করে তিনি বলেন, আমি যদি পাঁচ বছর দায়িত্ব পালন করতে পারতাম, তবে সিলেটকে বিশ্বের অন্যতম নগরী হিসেবে গড়ে তুলতে পারতাম। আমাকে আবার নির্বাচিত করলে সিলেট নগরীর সার্বিক সমস্যা সমাধান করে আপনাদের স্বপ্নকে পূরণ করবো।
এছাড়া আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট পবিত্র নগরী। এখানে শাহজালাল (র.)ও শাহপরানসহ তিনশত ষাট আউলিয়া ঘুমিয়ে আছেন। যারা অন্যায়ের পথে পা বাড়াবেন তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। সিলেটের মানুষ অন্যায় করে না, অন্যায়কে সহ্যও করতে পারে না।
আরিফুল হক চৌধুরী সকল ষড়যন্ত্র-হিংসা-বিদ্বেষ পরিহার করে নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।
গণসংযোগকালে অন্যান্য প্রতিদিনকার অংশ নেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, জেলা সহসেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসেন, কোতোয়ালী থানা সেক্রেটারি তৌফিকুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না।
গণসংযোগকালে বিএনপি, ২০ দলীয় জোট এবং তাদের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিপুল পরিমাণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট নগরীর উন্নয়নে আরিফুল হক যা করেছেন, তা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌছিয়ে দিয়েছে। শহরের অলি-গলিতে মানুষের মুখে মুখে ধানের শীষের জয়ধ্বনিকে কোনো ষড়যন্ত্রই নস্যাৎ করতে পারবে না। গণসংযোগে সকল যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপামর জনতার প্রতি আহবান জানান।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী বিকাল ৪টায় ৬নং ওয়ার্ডের অন্তর্গত চৌকিদেখিতে, ৫টায় বাদামবাগিচা পথসভা, ৬টায় শিববাড়ী ও বাবনা পয়েন্টে এবং সন্ধ্যার পরে মেন্দিবাগ পয়েন্টে পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন।
এসব পথসভায় বিএনপি, ২০ দলীয় জোট এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।