Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুলাই) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুতাং মোল্লাবাড়ির শাহরাজ মিয়া ও তার ভাতিজা সোহাগ মিয়ার সঙ্গে একটি জায়গা নিয়ে সুরাবই এলাকার মালাই মিয়া এবং তার লোকদের বিরোধ চলে আসছিল। মালাই মিয়া জায়গাটির মালিক হলেও সোহাগ মিয়া জোর করে সেটি দখলে রাখার চেষ্টা করে।

আজ মঙ্গলবার ওই জায়গায় ঘর তৈরি করতে যান মালাই মিয়া ও তার লোকজন। এর জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীসহ স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহতদের মধ্যে শাহরাজ মিয়ার পক্ষের সোহাগ মিয়া (২২), হোলাল মিয়া (৩২), ইসলাম উদ্দিন (৪৫), সরওয়ার উদ্দিন বাবলু (৩০) ও দুলাল মিয়া এবং মালাই মিয়ার পক্ষের খেলু মিয়া (৪৮), ওয়াসিম মিয়া (২৮) এবং জসিম মিয়াকে (৩৮) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানিকুল ইসলাম জানান, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.