Sylhet Today 24 PRINT

আরিফের সমর্থনে শাহীনূর পাশার গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।

মঙ্গলবার (২৪ জুলাই) বিকাল ৪টায় স্থানীয় কোর্ট পয়েন্টে এ গণসংযোগ ও পথসভা করা হয়।

জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সভাপতিত্বে পথসভায় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আমার সমর্থকদের বিভিন্নভাব হয়রানি করছে। জনগণ এখনো শঙ্কিত তারা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। তিনি ভোটার সমর্থকদের সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না।

সভাপতির বক্তব্যে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের মাটি আলেম উলামা ও পীর মাশায়েখের ঘাটি। আধ্যাত্মিক রাজধানীর পবিত্রতা, উন্নয়ন ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার্থে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার আহবান জানিয়ে তিনি বলেন, সিলেটের নির্বাচন জোটের জন্য টার্নিং পয়েন্ট। এখানে পরাজিত হলে ক্ষতিগ্রস্ত শুধু বিএনপি বা ২০ দল হবে না বরং পুরো দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার হবে। দুঃশাসন ও অপশাসন জাতির ঘাড়ে আরো জগদ্দল পাথরের ন্যায় চেপে বসবে।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওত হোসেন জীবন, সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দীন মিলন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব মোহাম্মদ চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ।

সভা পরিচালনা করেন যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা ফয়সল আহমদ। এ ছাড়া জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজারের দিকে গণসংযোগ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.