সুনামগঞ্জ প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৮
সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়কে একটি কম্পিউটার প্রদান করেছেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফাজ উদ্দিন ও পরিচালনা কমিটির সদস্য জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থের হাতে কম্পিউটার তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, হাবিবুল্লাহ জুয়েল, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ইয়েস থিংকিং এর সদস্য অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার।
প্রসঙ্গত, ১৮ জুলাই ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের আমন্ত্রণে সুনামগঞ্জের সুন্দরবন খ্যাত খোঁজারগাঁও-মাতারগাঁও হিজল করচবাগ ও নবীন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হাওরপাড়ের উচ্চ বিদ্যালয়টি পরিদর্শনকালে শিক্ষার্থীদের উন্নয়নে পুলিশ সুপার বলেছিলেন একটি কম্পিউটার প্রদান করবেন।