নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগ। অভিযোগের ক্ষেতে সবচেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রায় প্রতিদিনই তিনি আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন।
নির্বাচন কমিশন আর পুলিশের ভূমিকা নিয়েও গণমাধ্যমে বিস্তর অভিযোগ করছেন আরিফ।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, তারা (আওয়ামী লীগ) প্রতিদিন আচরণবিধি ভঙ্গ করে চলছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের ধরপাকড়-হয়রানি করে চলছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে একের পর এক অভিযোগ দিচ্ছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত একটা অভিযোগের ব্যাপারেও ব্যবস্থা নেয় নি। ফলে মনে হচ্ছে এই নির্বাচন কমিশনই সরকার আর সরকারীদলের আজ্ঞাবহ।
গণমাধ্যমের সাথে আলাপকালে আরিফ বলেন, ''এখন আওয়ামী লীগ প্রচার করতেছে- 'গাজীপুর দেখছো নি, কিভাবে পাস করছে। সিলেটেও এমনটি হবে'। কিন্তু আমি তাদের বলতে চাই, ইকান (এটা) সিলেট। এটা গাজীপুর না। হায়ারি গুজা (ভাড়াটে লোক) নিয়ে এখানে কিছু করতে পারবেন না। করার চেষ্টা করলে জনগনই প্রতিহত করবে।''
আরিফের এমন মন্তব্যের প্রেক্ষিতে বদরউদ্দিন আহমদ কামরান বলেন, আমি সবসময়ই আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল। উল্টোর আমার নির্বাচনী কার্যালয়ই পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা অতীতে দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে তারাই একাজ করেছে।
তিনি বলেন, সিলেটর মানুষ জানে, আমি কখনোই প্রভাব-প্রতিপত্তি খাটাই না। এটা আমার সংস্কৃতিতে নেই । আমি জনগনের প্রতি আস্থাশীল। যারা এই ধরণের কথা বলেন তারা আমাদের জনপ্রিয়তার ইর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছেন।
অভিযোগ প্রসঙ্গে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, সকল অভিযোগই আমরা গুরুত্বের সাথে দেখছি। মঙ্গলবারও দু'জন সরকারী কর্মকর্তা ও একজন মেয়র প্রার্থীকে শোকজ করেছি। ফলে ব্যবস্থা নিচ্ছি না এমন অভিযোগ একেবারেই অমূলক।