Sylhet Today 24 PRINT

‘এটাই আমার শেষ নির্বাচন’ কান্নাজড়িত কণ্ঠে কামরান

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচিত হলে সিলেট নগরীর জন্য কি কি করবেন তা প্রকাশ করে ৩৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটাই আমার শেষ নির্বাচন।’

আজ বুধবার বেলা ১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন কামরান।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে কামরান বলেন, আপনারা আমার ভাই, আজকে আমাকে কামরান বানিয়েছেন আপনারা। আমার পাশে আগেও ছিলেন আপনারা, এখনো আমার পাশে থাকুন। তবে আমার পক্ষে না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেই হবে।

সাংবাদিকদের সহায়তা চেয়ে কামরান বলেন, সাংবাদিকের তাঁদের লেখনীর মাধ্যমে কাউকে ওঠাতে পারে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহায়তা চান তিনি।

ইশতেহার ঘোষণা শেষে তিনি বলেন, সিটি করপোরেশনে এটিই আমার শেষ নির্বাচন। আমি আগামীতে নির্বাচন করবো না। তাই আমি শেষবারের মতো এই নগরীর মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আগামী পাঁচবছর যদি সুযোগ পাই তবে জীবনের পড়ন্তবেলায় এসে নগরবাসীর খেদমত করতে চাই।

কামরান বলেন, ‘আশা করি, উৎসবমুখর নির্বাচন হবে। আগামী নির্বাচন পর্যন্ত হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি। নির্বাচিত হলে মৃত্যুর আগে ভাবতে পারব, সিলেটের মানুষ আমাকে ভালোবেসে রায় দিয়েছে।’

নির্বাচিত হলে সিলেটবাসীর ভালোবাসার সর্বোচ্চ প্রতিদানের দেওয়ার চেষ্টা করবেন বলেও ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, নৌকা বিজয়ী হলে সিলেট নগরে উন্নয়নের জোয়ার বইবে।

নির্বাচনী ইশতেহার পাঠের সময় কামরানের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.