কমলগঞ্জ প্রতিনিধি | ২৫ জুলাই, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা সূচনা প্রকল্প ও সেভ দি চিলড্রেনের উদ্যোগে ৫৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৫ জুলাই) বেলা ২টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নগদ অর্থ ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সেভ দি চিলড্রেনের প্রোগ্রামের সিলেট অঞ্চলের সিনিয়র অফিসার উত্তম কুমার চৌধুরী, প্রকল্প দলনেতা শফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০৩ পরিবারের পরিবার প্রতি নগদ ৪৫০০ টাকা ও প্রতিবন্ধী ৪৭টি পরিবারকে ৫৫০০ টাকা প্রদান করা হয়। তাছাড়া প্রতি পরিবারে ১টি করে প্লাস্টিক বালতিসহ গৃহস্থালি সামগ্রী ও পানি বিশুদ্ধিকরণ ঔষধ বিতরণ করা হয়। সব মিলিয়ে ৫৫০ পরিবারে ব্যয় হয়েছে নগদ অর্থসহ ২৭ লাখ ৫০ হাজার টাকা।