Sylhet Today 24 PRINT

২০ দলের নয়, ১৯ দলের প্রার্থী আরিফ: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৮

২০ দলের নয়, ১৯ দলের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

২৫ জুলাই (বুধবার) বিকেলে ধানের শীষ প্রতীকে সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত প্রেস বিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় অলি আহমদ বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দল প্রার্থী ঘোষণা করলেও এককভাবে জামায়াত সিলেটে মেয়র পদে প্রার্থী হয়েছে। ২০ দলের ঐক্য বজায় রাখার স্বার্থে জামায়াত সিলেট সিটি নির্বাচন থেকে সরে দাঁড়াবে আশাবাদ ব্যক্ত করে অলি আহমদ বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হওয়ায় তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে পেরেছে। এতে করে তাদের আশা পূরণ হয়েছে। এখনো সময় আছে উল্লেখ করে তিনি বলেন, ২০ দলীয় জোটের ঐক্য ধরে রাখার স্বার্থে খুব দ্রুতই জামায়াত সিলেট সিটি করপোরেশনের নির্বাচন থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, সিলেটবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক। আমিও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সিলেটে অনেক যুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধে সর্বশেষ সিলেটের এমসি কলেজ এলাকায় অংশ নেই। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করে তুলি।

সামনে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, আসন্ন তিন সিটির নির্বাচন যদি সুষ্ঠ না হয় তাহলে জাতীয় নির্বাচনে ২০ দল অংশ নেবে না। দেশের জনগণ এই সরকারকে বিশ্বাস করেনা। ভোট এখন দিনে হয় না রাতে হয় উল্লেখ করে জনগণের এই বিশ্বাস সরকারকেই ফিরিয়ে আনতে। বর্তমান নির্বাচন কমিশন সরকারের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।

সিলেটের আরিফ অনেক কষ্ট স্বীকার করেছে জেল খেটেছে। নির্যাতিত মানুষের পাশে সিলেটের মানুষ দাঁড়াবে এমন আশা ব্যক্ত করে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়ভাবে আরিফকে বিবেচনায় এনে ভোট দেয়ার জন্য সিলেটবাসির প্রতি আহ্বান জানান এলডিপির চেয়ারম্যান।

প্রেস বিফিংয়ে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, বিএনপি নেতা শাহাজাদ হোসেন সেলিম, ডা. সাখাওয়াত হোসেন জীবন, কলিম উদ্দিন আহমদ মিলন, আ. রাজ্জাক, আবুল কাহের শামিম, শাহারিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান। ২০ দলিয় জোটের শরিক অন্যান্য দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।          

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.