Sylhet Today 24 PRINT

কামরানের সমর্থনে সিলেটে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের সমর্থনে নগরীতে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।  

বুধবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরের সাবেক কমান্ডারদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেছেন, জাতির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, দেশের শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকা। তাই সিলেট নগরীর উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকে ভোট দেবেন।

সভায় তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। পঁচাত্তর পরবর্তীকালে দীর্ঘদিন মুক্তিযোদ্ধারা চরম অবহেলিত ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ছাড়া কোন সরকারই মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি। দরিদ্রতা, অবহেলায় অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে, চিকিৎসার অভাবে অকালে মারা গেছেন।

তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য ভাতা প্রথা চালু করেছেন। গৃহ নির্মাণ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে যা যা করার সব কিছু করেছেন। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সমাজ ও রাষ্ট্রে সম্মানের আসনে আসীন করেছেন।

শেখ হাসিনার এই অবদানকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সব সময়ই শ্রদ্ধার চোখে দেখেন এবং সারাজীবন তারা এটা স্মরণ রাখবেন জানিয়ে অধ্যক্ষ আহাদ চৌধুরী বলেন, এসব কারণে বঙ্গবন্ধুর রক্ত আদর্শের সুযোগ্য উত্তরাধিকার শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষ নেওয়া ছাড়া মুক্তিযোদ্ধাদের অন্য কিছু ভাবার সুযোগ নেই। ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার বিজয় তরান্বিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার ইশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা তোতা মিয়া, অর্থ বিষয়ক কমান্ডার মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ জকিগঞ্জ উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার ও জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিলুর উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খান, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ বিয়ানীবাজার ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মকলিছুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ বালাগঞ্জ উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল বাছিত, মুক্তিযোদ্ধা আফতাব আহমদ প্রমুখ।

সমাবেশে সিলেট জেলা মহানগরের সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধারা সিলেট নগরীর জিন্দাবাজারে বদর উদ্দিন কামানের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.