Sylhet Today 24 PRINT

আচরণবিধি লঙ্ঘন: ১১টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় দায়ে ১১ জন প্রার্থীকে ২৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে ১১টি মামলায় এ পরিমাণ টাকা জরিমানা করা হয় বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উল্লাহ খান সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান।

এদিকে শুধুমাত্র ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডেই ২ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া।

এ ব্যাপারে সিলেটটুডে টোয়েন্টিফোরকে তিনি জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১ ও ২ নং ওয়ার্ডে ২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে তিনি ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় তাঁকে সহযোগিতা করেছেন সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

তিনি জানান,  ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল ইসলাম হাদীকে ১৩(১) ধারায় নির্বাচনী কার্যালয়ে ইলেক্ট্রনিকস ডিভাইস (কম্পিউটার) রাখার দায়ে ৫০০০ টাকা ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাসেল মামুন ইবনে রাজ্জাককে একই ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া আরো জানান, এসকল প্রার্থীকে জরিমানা আদায়ের পর তাদের সতর্ক করা হয়েছে।

তিনি আরো জানান,  নির্বাচন উপলক্ষে এ অভিযান চলমান থাকবে। ধারাবিহকভাবে প্রতিটি ওয়ার্ড ঘুরে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.