Sylhet Today 24 PRINT

সিলেটসহ ৫ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেটসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী তিন থেকে চারদিন সারাদেশেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার (২৫ জুলাই) বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন উত্তরপ্রদেশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও লঘুচাপে পরিণত হয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে বলা হয়, এই সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানান, এ মাস বৃষ্টি থাকবে। তার মধ্যে কয়েকদিন ভারী বৃষ্টি হবে। এ সময়ে তাপমাত্রা কমে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.