Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলছে এসএমপি।

বুধবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

তিনি বলেন, আপনারা যেটাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন, সেটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। তবে কোন ওয়ার্ডে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তা প্রকাশ করেননি পরিতোষ ঘোষ।

সিসিকের ২৭টি ওয়ার্ডে ১৩৪ টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২০ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এই ওয়ার্ডের ৫টি কেন্দ্রে শুধুমাত্র মেয়র এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে।

মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়ের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এবারের সিটি নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৩০ জুলাই সিসিক নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সিলেট সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.