Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ‘অপপ্রচার’, এলাকাবাসীর নিন্দা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে গোয়াইনঘাট কলেজের সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে অধ্যক্ষ ফজলুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোয়াইনঘাটের সচেতন অভিভাবক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সরেজমিন গোয়াইনঘাট কলেজ পরিদর্শনে অগণিত শিক্ষার্থী এ প্রতিনিধিকে তাদের ক্ষোভের কথা প্রকাশ করেন।

তারা বলেন, যেখানে সারা দেশে এইচএসসিতে ফলাফল আশানুরূপ নয় সেখানে গোয়াইনঘাট কলেজ ৪৫.৩০ শতাংশ ফলাফল অর্জন করেছে। এ কলেজে বিজ্ঞান শাখায় ৬১.২৫ শতাংশ, মানবিক শাখায় ৪১.৬৮ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৩৮.৩০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায় এই ফলাফলকে কেন্দ্র করে একজন জননন্দিত অধ্যক্ষকে বিতর্কিত এবং হেয় প্রতিপন্ন করার নোংরা ষড়যন্ত্র চালানো হচ্ছে। রাজনৈতিক ঘৃণ্য এ ষড়যন্ত্র শুধু ঐ অধ্যক্ষের বিরুদ্ধেই নয় আমরা মনে করি এ ষড়যন্ত্র উত্তর সিলেটের অন্যতম এই ভালো কলেজের বিরুদ্ধেও।

বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত রয়েছেন কতিপয় অতি উৎসাহী রাজনৈতিক ব্যক্তিবর্গ।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল (ছানা) জানান, ফলাফল নিয়ে একজন শিক্ষাবিদকে বিতর্কিত করা ঘৃণ্য রাজনীতির বহিঃপ্রকাশ। অধ্যক্ষ ফজলুল হক শুধু গোয়াইনঘাট কলেজেই নয়, গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ও শিক্ষার মান ত্বরান্বিত করার অন্যতম হাতিয়ার। তাঁর বিচক্ষণতায় গোয়াইনঘাট কলেজে নিজস্ব তহবিল থেকে ৪ তলা বিশিষ্ট ২টি বিশাল ভবন নির্মিত হয়েছে। এছাড়াও সংসদ সদস্য ইমরান আহমদের হস্তক্ষেপে এ কলেজটি জাতীয়করণে উন্নীত হয়েছে। সুতরাং অধ্যক্ষ ফজলুল হক এ কলেজের উন্নয়নের অন্যতম অংশীদার।

বদরুল ইসলাম নামে এক ছাত্র জানান, কোম্পানীগঞ্জের শামীম কিভাবে একজন শিক্ষাবিদকে নিয়ে আবোলতাবোল লেখেন তা বোধগম্য নয়। হাজার হাজার শিক্ষার্থীর প্রিয় অভিভাবক অধ্যক্ষ ফজলুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্যকারী শামীমসহ অপরাপর মন্তব্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ছাত্র আন্দোলনও গড়ে তোলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.