Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৮

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জমসেদ খাঁ (৪০) নামের একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে গ্রামের সামনে দিরাই-মদনপুর সড়কের কর্নগাও পয়েন্টে এই দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের আলমগীর খা ও আলম খাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জমশেদ খা কর্নগাও গ্রামের ওসমান খা'র ছেলে।

রাস্তার পাশের পয়েন্টের আব্দুল্লাহ মিয়ার দোকান ঘরে সালিশ বৈঠক চলাকালীন সময়ে গ্রামের আবুল ওয়াফার লোকজন বৈঠকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আবুল ওয়াফা ও আলম খা'র লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কর্নগাঁও বাজারে আব্দুল্লাহ মিয়ার ঘরে আয়োজিত সালিশে উভয় পক্ষের লোক বসেছিলেন। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের আঘাতে আলম খা'র পক্ষের জমসেদ খা'সহ ৫ জন আহত হন। দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথেই জমসেদ খা মারা যান।

দিরাই থানার ওসি মোস্তফা কামাল হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.