Sylhet Today 24 PRINT

যেখানে নির্বাচন সেখানেই সিদ্দিক মিয়ার নৌকাভ্যান

দেবকল্যাণ ধর বাপন |  ২৬ জুলাই, ২০১৮

যেখানে নির্বাচন হয় সেখানেই নৌকার সমর্থনে প্রচার করতে যান বঙ্গবন্ধু ও আওয়ামীলীগপ্রেমী সিদ্দিক মিয়া । সিলেট সিটি নির্বাচনেও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমেদের প্রচারনায় অংশ নেয়ার জন্য নেত্রকোনা থেকে নৌকাভ্যান নিয়ে এসেছেন সিদ্দিক মিয়া।

দুই শিশুপুত্রকে সঙ্গে নিয়ে নৌকা আকৃতির ভ্যানটি চারদিন ধরে পায়ে চালিয়ে তিনি সিলেট এসে পৌঁছেন। মাইকে নৌকার সমর্থনে গান বাজিয়ে ছেলেদের মাথায় গামছা ও হাতে বৈঠা দিয়ে প্রচারনা করছেন নগরের অলিগলি রাস্তা-ঘাটে। যেখানে যাচ্ছেন সেখানেই সাধারন জনগন ভীড় করছেন। নানা রকম প্রশ্ন করছেন। নৌকার প্রতি তার এই ভালোবাসার গল্প শুনে অনেকেই বাহবা দিচ্ছেন।

নেত্রকোণার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া। ১৯৭০ সালে নেত্রকোণা সরকারি কলেজের এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে গিয়েছিলেন তিনি। লোকসমাগম বেশি হওয়ায় বঙ্গবন্ধুর বক্তব্য শুনতে পাশের স্কুলের ছাদে দাঁড়িয়ে ছিলেন। তখন স্কুলের ছাদ ধসে গায়ের ওপর পড়ে আহত হয়েছিলেন সিদ্দিক। আহত অবস্থায় বঙ্গবন্ধুর কাছে নিয়ে যাওয়া হয় তাকে। বঙ্গবন্ধু তখন কিশোর সিদ্দিকের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন ‘এই ছেলে বড় হয়ে আওয়ামী লীগ করবে।’ সেই থেকেই সিদ্দিক মিয়া বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে পথ চলছেন।

দেশের যেকোনো প্রান্তে নৌকা প্রতীকে নির্বাচন হচ্ছে শুনলেই তার নৌকাভ্যান নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিদ্দিক মিয়া। গাজীপুর সিটি নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচারণায় অংশ নেন তার নৌকাভ্যান নিয়ে। এর আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচার চালাতেও হাজির হয়েছিলেন তিনি। ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলন চলার সময় সোহরাওয়ার্দী উদ্যানেও তার নৌকাভ্যান নিয়ে উপস্থিত ছিলেন সিদ্দিক মিয়া।

সিদ্দিক মিয়া বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। এই প্রতীক আমার আত্মার সাথে মিশে আছে। তাই যেখানেই নৌকা মার্কায় নির্বাচন হয় সেখানেই আমি আমার নৌকা নিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করি। আমি সিলেটবাসীকে অনুরোধ করবো আপনারা কামরান ভাইকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। ইনশাআল্লাহ শেখের বেটি আপনাদের এই সিলেটকে উন্নয়নে ভরিয়ে দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.