Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বোমা মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বল্লাঘাটের লন্ডনীবাজারস্থ পাথর কোয়ারি থেকে একটি বোমা মেশিন জব্দ করে ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে পিয়াইন নদীর তীরে উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এ বোমা মেশিন ধ্বংস করে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো পিয়াইন নদীর তীরে একটি চক্র বোমা মেশিন চালু করেছে। লিটন নামের এক ব্যক্তি নিজেকে পুলিশ হেড-কোয়ার্টারের ডিআইজি হাবিব রহমানের আত্মীয় পরিচয়ে নাম ভাঙিয়ে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের প্রভাব সৃষ্টি করেছেন। পাশাপাশি তিনি গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজের আশ্রয়ে স্থানীয় প্রশাসনকেও ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া গেছে বিএনপি নেতা লিটন সেখানে বোমা মেশিন বসিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এসিল্যান্ড ও পুলিশ অভিযান চালিয়ে একটি বোমা মেশিন ধ্বংস করেছে।’

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাটের এসিল্যান্ড আশিকুর রহমান চৌধুরী জানান, বোমা মেশিন বন্ধ রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। লিটন নামের ব্যক্তির কোয়ারিতে অভিযান চালিয়ে একটি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.