Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত দেড় বছরের শিশু জিহানকে তিন দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সিলেটের শেরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় চারজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধনকুবরা এলাকার খলিল মিয়া, বরিশাল জেলার সদর থানার বিশারদ এলাকার সোহেল, শেরপুর সদর থানার জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সুমি বেগম।

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, গত সোমবার বিকালে অপহরণকারী খলিলসহ তার সহযোগীরা শিশু জিহানকে রূপগঞ্জ থেকে অপহরণ করে। অপহরণের পর তারা জিহানের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে জিহানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। জিহানের বাবা জাকির হোসেনের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় এই ব্যাপারে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধার নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হবিগঞ্জ, সিলেট ও শেরপুরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে। পরে বৃহস্পতিবার সকালে শেরপুর থেকে জিহানকে উদ্ধার করে করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় চার অপহরণকারীকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.