Sylhet Today 24 PRINT

আজ রাত থেকে নগরীতে বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে ইতিমধ্যে নগরীতে বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

এরই লক্ষ্যে ইতিমধ্যে সিলেট ছাড়তে শুরু করেছেন বহিরাগতরা। আবাসিক হোটেল গুলোতে বুকিং বন্ধ রয়েছে। সেই সাথে পর্যটকসহ অন্যান্য বহিরাগতদের হোটেল ত্যাগ করার নোটিশ প্রদান করা হয়েছে।

তবে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, যারা কর্মজীবী তাদের এলাকায় অবস্থান করতে কোনো অসুবিধা হবে না। তবে বাইরে চলাফেরার জন্য প্রয়োজন হলে তাদের কাজের প্রমাণপত্র দেখাতে হবে। একই সঙ্গে জরুরি প্রয়োজনের ক্ষেত্রেও এ নির্দেশনা শিথিলযোগ্য হবে। ইসির নির্দেশনাটি ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ বহিরাগতরা ১ আগস্ট থেকে আবার নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

সেই সাথে ২৮ জুলাই মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া সকল প্রকার মোটর যান ২৯ জুলাই মধ্যরাত থেকে ৩০ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

এতে আরো বলা হয়, নাশকতা, সহিংসতা, সংঘর্ষ বা ভয়-ভীতি প্রদর্শন বন্ধে যানবাহনের পাশাপাশি বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নির্বাচন কমিশনের এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আগামী ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.