Sylhet Today 24 PRINT

আচরণবিধি লঙ্ঘন করে কামরানের পক্ষে প্রচারণায় এমপি এহিয়া

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

শনিবার (২৮ জুলাই) বেলা ১টার দিকে নগরীর তালতলা এলাকায় কামরানের পক্ষে লিফলেট বিলি করতে তাকে দেখা যায়। এসময় তাঁর সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনের অংশ নিয়ে দলের পক্ষ থেকে কামরানকে সমর্থনের কথা জানান তিনি।

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে জানতে চাইলে এহিয়া জানান, আমি দলের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। সেখান থেকে বের হলে কর্মীরা আমার হাতে কয়েকটি লিফলেট দিয়ে বিলি করার অনুরোধ করেন। তখন আমি কয়েকজনের হাতে লিফলেট তুলে দেই।

তিনি বলেন, এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে আমি এখন বুঝতে পারছি। নির্বাচন কমিশন থেকে যদি আমাকে কারণ দর্শাতে বলা হয় তবে আমি তার জবাব দিবো।

সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী সংসদ সদস্য এবং সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কোন সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এমন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এর আগেও দুই জন সরকারি সুবিধাভোগী ব্যক্তিকে শোকজ করা হয়েছিল।  

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, তফসিল প্রকাশের পর মন্ত্রী এমপিসহ সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.