Sylhet Today 24 PRINT

কামরানের শেষ জনসভায় চেয়ার ছোঁড়াছুড়ি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের জনসভায় দুই দফার চেয়ার ছোঁড়াছুড়ি করেছে ছাত্রলীগের দুই গ্রুপ। এতে জনসভা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ জুলাই) সন্ধ্যায় নগরীর চাঁদনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সভাস্থলে কামরান উপস্থিত ছিলেন না। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্তের বক্তব্য দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ ও রনজিত সরকার অনুসারী ছাত্রলী নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনসভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কামরানের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। সে সময় মাইকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী সবাইকে শান্ত থাকার আহ্বান দিলে কিছুক্ষণের জন্য কর্মী সমর্থকরা শান্ত থাকেন।

কিন্তু এর ১০ মিনিট পরেই আবার শুরু হয় চেয়ার ছোঁড়াছুড়ি। তখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন মাইকে ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনায় ৩ কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সিসিক নির্বাচনে আজ মধ্যরাত ১২টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার সময়সীমা। গত ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর থেকেই টানা ১৮ দিন চলে নির্বাচনী প্রচারণা। আগামী ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.