Sylhet Today 24 PRINT

বিএনপি নেতাদের গ্রেপ্তারে ঢাকা থেকে সিলেটে ১৩৯ পুলিশ

সংবাদ সম্মেলনে অভিযোগ আরিফের

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) থেকে ১৩৯ জন পুলিশকে সিলেটে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘পবিত্র এই মাটিতে কোনও ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করলে এই নগরের মানুষ তা মেনে নেবে না।’

শনিবার (২৮ জুলাই) রাত ১১টায় সিলেট নগরীর কাজিটুলা এলাকায় বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়। আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) থেকে ১৩৯ জন পুলিশকে সিলেটে নিয়ে আসা হয়েছে। তাদের এই স্বপ্ন কোনোভাবেই পূরণ হবে না।’

তিনি বলেন, ‘আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে পুলিশ নগরের মীরবক্সটুলা এলাকা থেকে প্রচারণা চালানোর সময় সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনে এসব বিষয়ে একাধিকবার অভিযোগ দিয়েও লাভ হয়নি। সিলেটে সরকার, নির্বাচন কমিশন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নৈতিক দায়িত্ব পালন করছে না।’
 
আরিফ বলেন, ‘আমার সঙ্গে যে অন্যায় করা হচ্ছে, আমি এর বিচার ভোটারদের কাছে দিয়ে দিলাম। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণ এই নগরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা যেন না করা হয়।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্র থেকে রেজাল্ট ঘোষণা না করা পর্যন্ত তোমরা কেন্দ্র ছাড়বে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.