নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর।
সোমবার (৩০ জুলাই) দুপুর ১২টায় সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের নিকট অভিযোগ করে এ দাবি করেন তিনি।
আবু জাফর অভিযোগ করে বলেন, নির্বাচনে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারছেন না। এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। চলছে কেন্দ্র দখলের মহোৎসব। দেয়া হচ্ছে জাল ভোট। এমনাবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হতে পারে না। এর মধ্য দিয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটে না। তাই এই নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি।
দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানের ভোট কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকার পর আবার চালু হয়।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো খতিয়ে দেখেছি। ইতিমধ্যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ আছে।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।