Sylhet Today 24 PRINT

উপশহরে ৫ কাউন্সিলর প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের উপশহরস্থ ২২নং ওয়ার্ডের ৬ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জনই নির্বাচন বর্জন করে ভোট স্থগিতের আবেদন করেছেন।

সোমবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা বরাবর এ আবেদন ও নির্বাচন বর্জন করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন ২২নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. দিদার হোসেন রুবেল।

তিনি বলেন, বহিরাগত মানুষ দিয়ে জোর করে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার কারণে আমরা উপশহরের ২২নং ওয়ার্ডের ৫ কাউন্সিলর প্রার্থীই ভোট বর্জন ও নির্বাচন স্থগিতের আবেদন করেছি।

রুবেল জানান, আমাদের পোলিং এজেন্ট বের করে দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া হয়েছে। বারবার অভিযোগ করা স্বত্বেও এ সময় প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও কার্যকর ভূমিকা পালন করে নি। এমনকি আমাদের কেন্দ্রের ভেতরও ঢুকতে দেয়া হয় নি।

আরেক কাউন্সিলর প্রার্থী ফজলে রাব্বী চৌধুরীর স্ত্রী শিপা বেগম সুপা বলেন, আমার চোখের সামনে তিনটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী সালেহ আহমদ সেলিমের পক্ষের লোকেরা জোর করে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারেন। এ সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে। এর প্রতিবাদে আমরা নির্বাচন স্থগিতের আবেদন ও ভোট বর্জন করেছি।

ভোট বর্জনকারী ৬ কাউন্সিলর প্রার্থী হলেন সদ্য সাবেক কাউন্সিলর রেডিও প্রতীকের মিসবাহ উদ্দিন সিরাজ, ঘুড়ি প্রতীকের মো. দিদার হোসেন রুবেল, মিষ্টি কুমড়া প্রতীকের ফজলে রাব্বী চৌধুরী, লাটিম প্রতীকের মো. আবু জাফর ও এসি প্রতীকের ইব্রাহীম খান সাদেক।

ভোট বর্জন করেননি একমাত্র প্রার্থী টিফিন ক্যারিয়ার প্রতীকের এডভোকেট সালেহ আহমদ সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.