Sylhet Today 24 PRINT

‘কারচুপির’ অভিযোগে আওয়ামী লীগের অফিসে ফল ঘোষণা স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বদরউদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে ফল ঘোষণা স্থগিত করেছে আওয়ামী লীগ।

সিলেট নগরীর মির্জাজাঙ্গালে আওয়ামীলীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে সোমবার সন্ধ্যা থেকেই ফলাফল ঘোষণা চলছিল। রাত ৯টায় মাইকে ঘোষণা দিয়ে ফল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

এসময় দলীয় নেতাকর্মীদের সিলেট নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চাপ প্রয়োগের আহবান জানানো হয়।

মাইকে ঘোষণায় বলা হয়, 'এখন এখান থেকে আর কোন ফল দেওয়া হবে না। আমাদের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কারচুপি চলছে, আপনারা সবাই সেখানে চলে যান।

ঘোষণায় আরও জানানো হয়, আমাদের নেতা মিসবাহউদ্দিন সিরাজও সেখানে গেছেন। সুষ্ঠু ফলের জন্য সেখানে গিয়ে চাপ প্রয়োগ করতে হবে।'

এই ঘোষণার পরই কার্যালয় ত্যাগ করতে থাকেন নেতাকর্মীরা।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম বিভিন্ন সূত্রে ১০৬টি কেন্দ্রের ফলাফল পেয়েছে, তাতে ৭১২১১ ভোটে এগিয়ে আছেন কামরান, এসব কেন্দ্রে আরিফুল হকের ভোট ৭০০৮২। ভোটের ব্যবধান ১ হাজার ৮২ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.