Sylhet Today 24 PRINT

সবাইকে ফল মেনে নেওয়ার আহ্বান আরিফের

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ফলাফল সকলকে মেনে নেওয়ার আহ্বান জানান বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি তিনি সবাইকে সাথে নিয়ে এক সুন্দর নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদেরকে এ কথাগুলো বলেন।

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, আমরা গৌরবান্বিত যে আমরা সবাই সিলেটি। কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি কিংবা জামায়াত- আমাদের কাছে সে প্রশ্ন নাই। আমরা মিলেমিশে সবাইকে সাথে নিয়ে সিলেটকে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, আমি আগেই বলে দিয়েছি নগরীতে কোনো বিজয় মিছিল হবে না। কেননা এই বিজয় নগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। জনগণ রায় দিয়েছেন। জনগণের প্রত্যাশার পূরণে আল্লাহ যেনো আমাকে সাহায্য করেন এবং আমি নগরবাসীকে যে ওয়াদা দিয়েছি সে ওয়াদা যেনো আমি রাখতে পারি আল্লাহ আমাকে সেই শক্তি দিক।

সম্প্রীতির কথা উল্লেখ করে আরিফুল হক বলেন, আমাদের অতীত ঐতিহ্য অত্যন্ত গৌরবের। এখানকার রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, আজ প্রমাণ হয়েছে, সিলেটের এই পবিত্র মাটিতে অন্যায় কিছু হয় না। আমি সব মহলের, সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সেবক হয়ে কাজ করতে চাই।

নির্বাচন প্রত্যাখ্যান বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, আমি নির্বাচন বা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করি নাই। আমার প্রত্যাখ্যান আমার নির্বাচনী কেন্দ্রসহ যেসব কেন্দ্রে হামলা হয়েছে-সেগুলো।

এসময় সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শুভেচ্ছার জবাবে তাঁকে শুভেচ্ছা জানান আরিফুল হক।

এর আগে মঙ্গলবার (৩১ জুলাই) জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) এর মাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.