Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ীকে গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৮

গোলাপগঞ্জের লিপন চন্দ্র দেব (৪০) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গণপিটুনির দেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

লিপন চন্দ্র দেব উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল নওয়াপাড়া গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র দেবের পুত্র ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিপন চন্দ্র দেব স্থানীয় কতিপয় বখাটে যুবকের সহযোগিতায় এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসাসহ নানা ধরণের অপকর্মের সাথে লিপ্ত ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। তাঁর অত্যাচার থেকে তাঁর মা-বাবাও রক্ষা পান নি। মা-বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে একাধিকবার লিপনকে আটক করে জেলে পাঠিয়েছে।

বিগত ২ বছর আগে পার্শ্ববর্তী মসজিদে ঢুকে মুসল্লিদেরকে মারধর করলে বিষয়টি বড় ধরনের রূপ ধারণ করে। এ নিয়েও পাল্টা-পাল্টি মামলা হয়েছিল। সর্বশেষ ২৭ জুলাই সকাল ১১টায় লিপন তার প্রতিবেশী বিধবা লাল মতি রুহি দাসের জায়গা জমি দখল করার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে লাল মতির গৃহে প্রবেশ করে নগদ টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এমনকি লাল মতিসহ তার পরিবারের অন্যান্যদেরকে মারধর ও জখম করে।

এ ঘটনায় লাল মতি রুহি দাস (২৮) বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-২৩, তারিখ-৩০-০৭-১৮ ইংরেজি) দায়ের করলে সন্ত্রাসী লিপন ক্ষিপ্ত হয়ে আবারও লাল মতির বাড়ীতে হামলা চালায়। এতে লাল মতি ও তার পরিবারের লোকজন আতংকিত হয়ে পার্শ্ববর্তী হিন্দু-মুসলিম সবার সহযোগিতা চান। একটি নিরীহ পরিবারের উপর নির্যাতনের বিষয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় লোকজন লিপনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সামাজিকভাবে উদ্যোগ নিলে লিপন তা মেনে না নিয়ে স্থানীয় মুরব্বিদের গালিগালাজ করে।

সোমবার বিকেলে এলাকার মানুষ জানতে পারেন লিপনের বাড়ীতে মাদকসেবীরা আড্ডা দিচ্ছে, এমনকি তার বাড়ীতে মাদকদ্রব্য রয়েছে। এমন সংবাদে লোকজন লিপনের বাড়ী ঘেরাও করে পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকের চেষ্টা করেন। এ সময় লিপন পুলিশ ও জনতাকে উদ্দেশ্য করে কাঁচের বোতল ভেঙ্গে ঢিল মারতে থাকে। এমনকি পুলিশকে উদ্দেশ্য করে ধারালো দা দিয়ে কোপ দিতে চাইলে সে উপস্থিত জনতার পিটুনির শিকার হয়। এক পর্যায়ে জনতার সহযোগিতায় পুলিশ লিপনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ সময় লিটন অসুস্থতা বোধ করলে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিপন চন্দ্র দেবের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.