কমলগঞ্জ প্রতিনিধি | ০১ আগস্ট, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. মোছাদ্দেক আহমেদ মানিক তৃণমূল রাজনীতিতে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮ লাভ করেছেন।
গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮ প্রদান করা হয়। এর পরদিন একই স্থানে সাংস্কৃতিক সংগঠন উজান তাঁকে গুণীজন সম্মাননা ২০১৮ পদক প্রদান করে।
পদক পাওয়ার পর এম. মোছাদ্দেক আহমেদ মানিক জানান, আমি দীর্ঘদিন যাবত তৃণমূল রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নিরলসভাবে কাজ করে আসছি। প্রত্যন্ত অঞ্চলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজীবন মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। মাদার তেরেসা পুরস্কার আমার কাজকে আরো উৎসাহিত করবে।
এম. মোছাদ্দেক আহমেদ মানিক কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি, মুন্সীবাজার সাজেদা বারী কিডস কিন্ডার গার্ডেন এন্ড ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।