গোয়াইনঘাট প্রতিনিধি | ০১ আগস্ট, ২০১৮
সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক মো. কুতুব উদ্দিন বলেছেন, নিরাপদ সন্তান প্রসবে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। স্বাস্থ্যকর্মীর পাশাপাশি জনপ্রতিনিধি, এলাকার সচেতন সবাইকেও এ ব্যাপারে সহযোগিতা করতে হবে।
বুধবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মো. কুতুব উদ্দিন আরো বলেন, নিরাপদ সন্তান প্রসব বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। পরিবার পরিকল্পনা কর্মী,ইউনিয়ন স্বাস্থ্য সহায়ক, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতনদের উদ্যোগই পারে প্রসবকালীন মাতৃ ও শিশু মৃত্যুরোধ করতে। ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলির বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানকল্পে স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দের আশ্বাসে এ কার্যক্রম আরো গতিশীল করবে বলে তিনি অবহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব ) মতিউর রহমান, সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সোরওয়ারদি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন, কনসালটেন্ট ডা. এইচএম খায়রুল বাশার, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, আফিয়া বেগম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, এমওএমসিএইচ এফপি ডা. নুরজাহান বেগম (হাসি), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শিবেন দাস প্রমুখ।