Sylhet Today 24 PRINT

শমশেরনগরে ৬০ হাজার টাকার সিগারেট চুরি

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চৌমোহনায় একটি দোকানের উপরের টিন খুলে ৬০ হাজার টাকার সিগারেট চুরি হয়েছে।

বুধবার (১ আগস্ট) রাতে এ ঘটনাটি ঘটে।

দোকানের মালিক শহিদুল ইসলাম (কালা) জানান, বুধবার রাত সাড়ে ১২টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় দোকান খুলে দেখেন উপরের টিনের চাল খুলে চোর প্রবেশ করে নগদ ৩ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা মূল্যমানের দামি সিগারেট নিয়ে গেছে।

তিনি আরও বলেন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা সন্ধ্যায় রাত্রিকালীন পাহারাদারদের উপস্থিত রেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি থানায় কোন অভিযোগ করেননি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী টিনের চাল খুলে দোকানে চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানী লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.