গোলাপগঞ্জ প্রতিনিধি | ০২ আগস্ট, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে বালুবাহী ট্রাক আটকে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ থানা সংলগ্নস্থানে বেপরোয়া গতিতে ট্রাকে বালু পরিবহন করে দুর্ভোগ সৃষ্টির অভিযোগে ট্রাকগুলো আটকে বিক্ষোভ করা হয়।
পরে দুটি ট্রাকের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দায়ের ও পরবর্তীতে বেআইনীভাবে বালু পরিবহন বন্ধের প্রতিশ্রুতি পেয়ে ট্রাক ছেড়ে দেয় জনতা।
বিক্ষুব্ধ জনতার পক্ষে বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক জানান, দীর্ঘদিন থেকে আইন অমান্য করে বেপরোয়া গতিতে বালু পরিবহন করছে। এসব ট্রাক চলন্ত অবস্থায় গাড়ী থেকে বালু ছিটকে পথচারী ও পেছনে থাকা গাড়ীতে এসে পড়ে।
তিনি আরও জানান, তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করার পরও একই কাজ করতে থাকলে আজ (বৃহস্পতিবার) স্থানীয় জনতা ট্রাক আটকে দেন।
গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ দেলোয়ার জানান, অভিযোগের প্রমাণ পাওয়ায় দুটি ট্রাকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঠিকাদারের লোকজন ভবিষ্যতে এরকম বালু পরিবহন করবে না মর্মে আশ্বাস প্রদান করলে দুপুর ২টার দিকে আটক ট্রাক ছেড়ে দেয়া হয়।