Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের ‘ক্লাসে ফেরাতে’ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক নুমেরী জামান শিক্ষার্থীরা যাতে আন্দোলনে রাজপথে না নামে এজন্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের নিয়ে বৈঠক করার নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সিলেট নগরীর বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানিজিং কমিটির সভাপতিরা অংশ নেন।

বৈঠকের ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা অত্যন্ত যৌক্তিক। ইতোমধ্যে সরকার তাদের দাবি মেনে নিয়েছে। তাই তাদের আর রাজপথে নামার প্রয়োজন নেই। এখন ক্লাসে মনোযোগি হওয়া দরকার। এ বিষয়ে উদ্যোগ নিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এ ব্যপারে অভিভাবকদের সাথে আলোচনা করারও নির্দেশ দিয়েছেন তিনি।  

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীরা বেশিদিন রাস্তায় থাকলে নানা ধরণের সমস্যা হতে পারে। তাছাড়া তাদের পড়ালেখায়ও ব্যাঘাত ঘটবে। আর গাড়ির লাইসেন্স দেখা ও সড়ক ব্যবস্থাপনার কাজটাও তাদের নয়। এটা ট্রাফিক পুলিশ দেখবে। ইতোমধ্যে সড়ক শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিস্টদের নির্দেশ দিয়েছেন। তাই শিক্ষার্থীদের এবার ক্লাসে ফিরে যাওয়া উচিত।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে জনদূর্ভোগও সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

এদিকে, শুক্রবার সকাল থেকে সিলেট থেকে সব ধরণের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে অটোরিকশা, মাইক্রোবাস চলাচলেও বাধা দিচ্ছে তাঁরা। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের কর্মসূচীর ব্যাপারে জেলা প্রশাসক নুমেরী জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সারাদেশেই এমন দুর্ভোগ সৃষ্টি করেছে। শ্রমিকদের কেন্দ্রীয় নেতাদের সাথে বসে বিষয়টি সমাধান করতে হবে। আমরাও নিজেদের মতো চেষ্টা করছি দূর্ভোগ লাঘবের।

প্রসঙ্গত, ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র‍্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়।

নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এরই প্রতিবাদে রাজধানী ঢাকা এবং সারা দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলনে নামে। বৃহস্পতিবার সিলেটেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.