Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে আলোক প্রজ্বলন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৮

রাজধানীর বিমান বন্দর সড়কে দুই শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় সকল নিহতদের স্মরণে মৌলভীবাজারে প্রগতিশীল সংগঠনসমূহের ব্যানারে আলোক প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) সন্ধ্যা সাতটায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আলোক প্রজ্বলন করা হয়।

এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রশান্ত দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর জয়েস ও উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী।

পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, যারা নিয়ম তৈরি করেন। আইন তৈরি করেন। তারাই নিয়ম মানেন না। আইন মানেন না। আজকে ছাত্ররা রাস্তায় নেমে চোখে আঙুল দিয়ে সেই সত্যকে সবার সামনে উন্মোচিত করেছে। অন্যায়ের প্রতিবাদকারীদের আঘাত করে নয়। এখন সময় এসেছে বাস্তবতাকে উপলব্ধি করে রাষ্ট্রকে মানবিক রূপ দেবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.