গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৪ আগস্ট, ২০১৮
গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মতবিনিময় সভা বর্জন করেছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১১টায় এ মতবিনিময় সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর রফিপুরস্থ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি ছিলেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের কারণে এমনটি ঘটেছে বলে দাবি করেছেন দলীয় অনেক নেতারা। ফলে সভাটি শেষ পর্যন্ত অগোছালো ভাবে সম্পন্ন হয়েছে।
জানা যায়, শুক্রবার উপজেলা আওয়ামীলীগের কার্যা নির্বাহী পরিষদ, পৌর আওয়ামীলীগ ও উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারির সাথে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মত বিনিময় সভা ছিল। এ সভায় উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের মধ্যে অধিকাংশ সভাটি বর্জন করেন।
জানা যায়, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব মিয়া, সেক্রেটারী শরফ উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হানিফ খান, এনায়েত হোসেন, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারি বদরুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর সদরুল্লাহ চৌধুরী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক উদ্দিন, সেক্রেটারি মস্তাব উদ্দিন কামাল, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ছায়াদ আহমদ সহ দলের উপজেলার কার্যনির্বাহী কার্যকরি পরিষদের
অধিকাংশ নেতাকর্মী অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু এ প্রতিবেদককে জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কারণে আমরা এ সভাটি বর্জন করেছি। শিক্ষামন্ত্রী ত্যাগী নেতাদের মূল্যায়ন কখনো করেননি। তাকে বিপদআপদেও কখনো তৃণমূল নেতৃবৃন্দ পাশে পায়নি।আমার মত উপজেলার অনেক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি এ মতবিনিময় সভাটি বর্জন করেছেন।
আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি বদরুল হক মুঠোফোনে জানান, শিক্ষামন্ত্রী কয়েকজন বিশেষ প্রতিনিধি ছাড়া উপজেলার আর কাউকে আওয়ামীলীগের কর্মী মনে করেন না। তাই আমরা এই সভা বর্জন করেছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ জানান, শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সব সভায় অনেকেই নানা কাজ থাকা উপস্থিত হতে পারেন না। একাধিক নেতাকর্মী সভা বর্জনের বিষয়টি জানতে চাইলে তিনি এব্যাপারে জানেন না বলে জানান।