Sylhet Today 24 PRINT

শ্লীলতাহানির অভিযোগে কমলগঞ্জে বখাটের ৬ মাসের কারাদণ্ড

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৪ আগস্ট) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের ছরকুম আলীর ছেলে বখাটে আব্দুল গফুরের (৪১) যন্ত্রণায় অনেক মেধাবী ছাত্রী স্কুলে আসতে পারে না। মেয়েদের লাঞ্চিত করা, গায়ে হাত দেয়া তার স্বভাব ছিল। শনিবার সকালে কমলগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। স্কুলে এসে মেয়েটি প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করে।

প্রধান শিক্ষক বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে তিনি সাথে সাথে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে স্কুলে নিয়ে আসেন।

অভিযুক্ত বখাটে গফুর মিয়া স্বীকার করেছে সে এ কাজ আগেও করেছে এবং ভবিষ্যতে আর করবে না বলে ক্ষমাও চেয়েছে।
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৩৫৪ ধারায় আব্দুল গফুর (৪১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলগামী মেয়েদের নিকট মূর্তিমান আতঙ্ক ছিল বখাটে গফুর মিয়া। এদেরকে এখনই থামাতে হবে। এজন্য অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.