নিজস্ব প্রতিবেদক | ০৫ আগস্ট, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ও হবিগঞ্জের সদর উপজেলা শতাভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে এই প্রথম হবিগঞ্জ জেলার কোনো উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো।
রোববার (৫ আগস্ট) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি। এসময় ফেঞ্চুগঞ্জে ১ হাজার ১৪২ মেগাওয়াট বিদুৎকেন্দ্রের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী।
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক পৃথক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুমেরি জামান উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
এদিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো. আবু সুফিয়ান, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, জেলা পরিষদ সদস্য অ্যাড. সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ফখরুজ্জামানসহ সরকারি সব বিভাগের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের একাংশ।