Sylhet Today 24 PRINT

সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর বাসায় হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ আগস্ট, ২০১৮

চ্যানেল এস সিলেট এর ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু এবং ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজার বাসায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর রায়নগর বসুন্ধরা-৯৬ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন-১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজা, তার ভাই কয়েস আহমদ, জামাল আহমদ, জামাল আহমদের ছেলে জিসান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ২০-২৫ জন যুবক সাংবাদিক মঞ্জু এবং আওয়ামী লীগ নেতা রাজার বাসায় হামলা চালায়। এসময় তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে চারজন আহত হন। এর মধ্যে হামলায় আহত কয়েস আহমদের অবস্থা গুরুতর।

খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাংবাদিক মঞ্জু জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক বাহার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.