Sylhet Today 24 PRINT

সিলেট থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৮

সারাদেশে ছাত্র নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা হিসেবে যাত্রী, চালক ও গাড়ির নিরাপত্তা চেয়ে করা অঘোষিত শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক শ্রমিক সমিতি।

সোমবার (৬ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার সাথে আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকে রোববার (৫ আগস্ট) রাত পর্যন্ত সিলেট থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। যদিও হালকা যানবাহন চলাচলে বাধা না থাকলেও কোথাও কোথাও এসকল যানবাহনও লাঠি হাতে আটকাতে দেখা গিয়েছিল শ্রমিকদের।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ছাত্ররা আজকে থেকে আন্দোলনে নামবে না ঘোষণা দেওয়াতে আমরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে রোববার (৫ আগস্ট) থেকে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে নগরে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ। নগরের মোড়ে মোড়ে গাড়ির কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সের সঠিকতাও যাচাই চলছে বলে নিশ্চিত করেছে অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.