জামালগঞ্জ প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০১৮
ভারতীয় মাদকের চালানসহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে তাহিরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পুলক আজিম (৩৫)কে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
সোমবার (৬ আগস্ট) ভোররাতে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে মাদকের চালানসহ গ্রেপ্তার করে।
পুলক উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ (বারেকটিলার) প্রয়াত শিক্ষক পরেন্দ্র মারাকের ছেলে ও তাহিরপুর উপজেলা শাখা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁড়ির এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোররাতে পুলককে ৬ বোতল ভারতীয় মদের চালানসহ গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ভারতের মেঘালয় রাজ্য থেকে পালিয়ে আসা এক সন্ত্রাসীকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বেশ কয়েকমাস পূর্বে পুলক আজিমের বাড়ি থেকে গ্রেপ্তারের সময় সে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে একটি প্রতারণামূলক অর্থ আত্মসাতের মামলায় উপজেলার সদরের ডাক বাংলা থেকে পুলক থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কয়েকমাস হাজত বাস করে জামিনে বেড়িয়ে আসেন।