মৌলভীবাজার প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পৌর এলাকার স্টেশন রোডস্থ শাপলা সুপার মার্কেটের সামনে থেকে আবুল ইসলাম (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের প্রয়াত আব্দুল কাদিরের ছেলে।
শ্রীমঙ্গল থানা সূত্র জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি আবুল ইসলাম নিজেকে মৌলভীবাজার থানার এসআই পরিচয় দিয়ে অন্ত কুর্মী নামের এক ব্যক্তির চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা দাবি করে। অন্ত কুর্মী ইজিবাইকটি ফেরত পাওয়ার আশায় প্রাথমিক অবস্থায় তাকে নগদ ১ হাজার ৮০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আবুল ইসলাম বাকি টাকার জন্য অন্ত কুর্মীকে তাগাদা দিলে রোববার বিকেলে শাপলা মার্কেটের সম্মুখে এসে বাকি ৩ হাজার ২০০ টাকা লেনদেনের সময় ইজিবাইকটি কোথায় জানতে চাইলে এসআই পরিচয়দানকারী ওই প্রতারক জানায় ইজি বাইকটি উদ্ধার করে শাহজিবাজার থানায় রাখা হয়েছে।
এ সময় শাহজিবাজার নামে কোন থানার নাম জানা না থাকায় তাকে ভুয়া এসআই সন্দেহ করে শ্রীমঙ্গল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এসে আবুল ইসলামকে পুলিশ হেফাজতে নেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এসআই না থাকায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া এসআই পরিচয়দানকারী বলে স্বীকার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আবুল ইসলামের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।