Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার মাসকান্দি গ্রামের মনতাজ উদ্দিন (৭০) হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন ও ২ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার আদালতে পিপি এএসএম আজাদুর রহমান।

একই সঙ্গে তিন আসামিদের যাবজ্জীবন, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও অপর দুজনের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার ৯নং আমতৈল ইউপির মাসকান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে ছানু মিয়া (৪৫), আনছার উল্লাহ ওরফে মধু মিয়ার ছেলে লুছন মিয়া (৫৫), মৃত ছাদক উল্লাহর ছেলে রুস্তুম উল্লাহ (৬৫), আলকাছ মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও মুহিম উদ্দিনের ছেলে সোনাহর মিয়া (৫২)। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কৃপা সিন্ধু দাশ ও বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী।

উল্লেখ্য, রুস্তুম উল্লাহকে ২১ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আরেকটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।

প্রসঙ্গত, ধানক্ষেতে গরু ছড়ানো নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৫ সালের ১লা সেপ্টেম্বর আমতৈল-মাসকান্দি রাস্তায় ধারালো অস্ত্র দিয়া মনতাজ উদ্দিনকে হত্যা করা হয়। নিহত মনতাজ উদ্দিন ওই এলাকার মুছা মিয়ার পিতা। এ ঘটনায় নিহতের ছেলে মুছা মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.