নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০১৮
সিলেট সিটি নির্বাচনে মেয়র পদের জয় পরাজয় অনেকটা নির্ধারিত হয়েই গেছে। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী এতোটাই এগিয়ে আছেন যে- তাকে প্রায় অসম্ভবই। এটা জানেন আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানও। তবু মাঠ ছাড়ছেন না কামরান। আজ (শনিবার) স্থগিত দুই কেন্দ্রে নির্বাচনে অংশ নেবেন কামরান।
৩০ জুলাইয়ের নির্বাচনের পর কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন কামরান। ১৩ কেন্দ্রে পুণঃভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনও করেছিলেন। তবে সেই আবেদনে সাড়া মিলেনি। তারপরও আজ গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুণঃনির্বাচনে অংশ নেবেন কামরান।
শুক্রবার টুলটিকর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগও করেন কামরান। এসময় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
এ ব্যাপারে বদরউদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামীলীগ গণতান্ত্রিক ধারাকে বিশ্বাস করে। এ ধারা অব্যাহত রাখতে আমি ভোটে অংশ নেব। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে।
তিনি বলেন, এই দুটি কেন্দ্রে যে ফলাফলই আসুক আমরা তা মেনে নেবো। জয়ী হই কিংবা না হই সিলেটের মানুষের সুখে দুঃখে সব সময়ই পাশে থাকবো।
গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ৯০ হাজার ৪৯৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।
স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ২২১ জন; আর হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে এই দুই কেন্দ্রে ভোটের চার হাজার ৭৮৭ জন।