Sylhet Today 24 PRINT

৪১৪ জন যাত্রী নিয়ে ওসমানী থেকে ছাড়ল হজ্ব ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক |  ১১ আগস্ট, ২০১৮

৪১৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট (বিজি -১০৮৩) শুক্রবার রাত সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ওসমানী বিমানবন্দরে হজ্ব যাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কে এম শাহজাহান বলেন, সিলেট থেকে সরাসরি লল্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ওভার লে ৮ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে। আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে। মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন হজ্বযাত্রীদের কাছে।

সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ আসনের এমপি ইমরান আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান এর পরিচালক (প্রশাসন ) মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠান উপস্থপনা করেন ট্রাফিক সুপারভাইজার কাজী আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন বিমানের সেলস এন্ড রিজার্ভেশন অফিসার ইনচার্জ মোঃ শাহনেওয়াজ মজুমদার, আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল, সেক্রেটারী জিয়াউর রহমান খান রেজওয়ান। হাব সিলেটেরে সভাপতি খাজা মাঈন উদ্দিন জালালাবাদী ও সেক্রেটারী জহিরুল হক শিরু, হাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির প্রমুখ। পরে মন্ত্রীসহ অতিথিবৃন্দ পবিত্র হজ্বযাত্রীদের বিদায় জানান।

এদিকে, রাতে ওসমানী বিমানবন্দরে হজ্ব যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.