সিলেটটুডে ডেস্ক | ১১ আগস্ট, ২০১৮
‘আজন্ম লালিত স্বপ্ন, নিজ হাতে গড়ে, উন্নত করি বাংলাদেশ’ এই স্লোগানে সিলেটে গত ৯ আগস্ট থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ‘উদ্যোক্তা মেলা’ শেষ হচ্ছে আজ। মেলার শেষ দিনে আজ শনিবার সকাল ১১টা থেকে রাত ১০ পর্যন্ত এই মেলা চলবে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।
সিলেট নগরীর মিরের ময়দানে ‘হোটেল লা রোজ’ এ ‘অনির্বচনীয় গ্রুপ’ এই মেলার আয়োজন করে।
গতানুগতিক চাকরি প্রত্যাশী না হয়ে ভিন্ন চিন্তাধারায় যারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে জীবিকা নির্বাহ ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসা গড়ে তুলেছেন এমনি ব্যক্তিদের উদ্যোগকে সকলের সামনে উপস্থাপন করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
এছাড়া উদ্যোক্তাদের ব্যবসার ঝুঁকি হ্রাস করতে এবং তাদের উদ্যোগ যেন দেশের অর্থনীতি উন্নতিতে সর্বোচ্চ ভূমিকা রাখে সেই লক্ষ্যে মেলায় আগত উদ্যোক্তাদের দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও দায়িত্ব কর্তব্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যও বিশেষ কার্যক্রম রাখা হয়েছে বলে জানান মেলাটির আয়োজকরা।
মেলাটি আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশলী ও চা প্রযুক্তি বিভাগের ২০১০-১১ সেশনের প্রাক্তন শিক্ষার্থী অনুপ সরকারের প্রতিষ্ঠান ‘অনির্বচনীয় গ্রুপ’। মেলায় আর্থিক সহায়তা করছেন ‘বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন’ এবং ‘কর্ণফুলী ট্রেডার্স’।
মেলার আয়োজক এবং অনির্বচনীয় গ্রুপের সত্ত্বাধিকারী অনুপ সরকার বলেন, “যারা নতুন কোন উদ্যোগ নিয়ে নিজেদের পণ্যকে সকলের সামনে উপস্থাপনের সুযোগ করে উঠতে পারেন না, তাদের কাজকে বা পণ্যকে সকলের সামনে উপস্থাপন করার লক্ষ্যেই আমাদের এই মেলা আয়োজন করা হয়েছে।”
মেলার অপর আয়োজক এবং ক্যানভাসের সত্ত্বাধিকারী ফাহমিদা কবির তিন্নি বলেন, “সকলে মিলে এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করি আমাদের এই মেলা সার্বিকভাবে সফল হবে।”