Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা কলেজে শেখ হাসিনা আইসিটি ভবনের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা কলেজে ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে দেশরত্ন শেখ হাসিনা আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্যামলী চক্রবর্তীর পরিচালনায় কলেজ ক্যাম্পাসের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।  

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইসিটি ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সরকারের দেশব্যাপী এই উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজকে সরকারীকরণের তালিকাভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে জানিয়ে তিনি আরো বলেন, আমি এই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেয়ার সময় মাত্র ৩ শত ১৭ জন শিক্ষার্থী ছিল। বর্তমানে এই কলেজে ৮ হাজার ৫ শত শিক্ষার্থী লেখাপড়া করছে। কলেজে ইতিমধ্যে ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। কলেজের শহীদ মিনার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে উল্লেখ করে দক্ষিণ সুরমা কলেজ একদিন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।      

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল, শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, কলেজ গভর্নিং বডির সদস্য ড. আর. কে. ধর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সাব্বির আহমদ ও মুহিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গিলমান আলী, গীতা পাঠ করেন প্রভাষক দীপক চন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.