কমলগঞ্জ প্রতিনিধি | ১২ আগস্ট, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের উপরে গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গাছ সরিয়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলপথে পড়ে থাকা একটি গাছের সাথে আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কার কারণে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পরে উদ্ধারকারী ট্রেন আসার আগ পর্যন্ত ট্রেনের সহস্রাধিক যাত্রী ৩ ঘণ্টা সময়ে চরম দুর্ভোগে পড়েন।
ট্রেনের যাত্রী ও শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ৭২৪ নম্বর ডাউন উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে আসার পর ভানুগাছ স্টেশন অতিক্রম করে লাউয়াছড়া বনের ভিতরে ২৭৫/২ কিলোমিটার পিলার (খুঁটির) অতিক্রমের সময় বাঁক এলাকায় রেলপথের উপর পড়ে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনটি আটকে যায়। বনের ভিতরে হঠাৎ ট্রেনটি প্রচণ্ড শব্দে আটকে পড়ে। এ সময়ে যাত্রীরা নিচে নেমে দেখতে পান একটি গাছ ট্রেনের ইঞ্জিনের সামনে পড়ে রয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়।
ফলে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত আড়াইটা পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আটকা থাকে। এ অবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা ছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আড়াইটায় আটকা পড়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটিতে পাহাড়ি এলাকা থেকে উদ্ধারের পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।