Sylhet Today 24 PRINT

নজরুল একাডেমি উচ্ছেদ কেন বেআইনি হবে না, হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

সিলেট নজরুল একাডেমির স্থিতাবস্থা বহালসহ উচ্ছেদ প্রক্রিয়া কেন বেআইনি হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। 

রোববার (০৫ জুলাই) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপিত মোস্তফা জামাল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এতে সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে রুল জারি করা হয়। 

সিলেট নজরুল একাডেমির পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট এএসএম আব্দুল মুবিন। শুনানীকালে উত্তরাধিকারী দাবিদার কপিল দাশের পক্ষে আইনজীবী ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।

সিলেট নজরুল একাডেমির সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ বাদি হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিলের প্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

চলতি বছরের গত ২৫ মার্চ সিলেট নজরুল একাডেমিকে ভূমির দখল বুঝিয়ে দিতে নোটিশ দেয় সিলেটের জেলা প্রশাসক। জেলা প্রশাসক স্বাক্ষরিত এ নোটিশে নজরুল একাডেমিকে ১০ দিনের মধ্যে আইনগত মালিক বা উত্তরাধিকারীর কাছে ভূমির দখল বুঝিয়ে দিতে বলা হয়। 

পরবর্তীতে (০২ জুন) জেলা প্রশাসন দ্বিতীয় নোটিশ জারি করে সাত দিনের মধ্যে এলএ শাখার কানুনগো মলয় করের কাছে দখল বুঝে দেওয়ার নির্দেশ দেন। 

এ নোটিশের প্রেক্ষিতে রেজওয়ান আহমদ হাইকোর্টে রিট আবেদন করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.